জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতীয় ছাত্রমঞ্চ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি সিদ্ধান্তটিকে অপরিপক্ব ও অদূরদর্শী বলে আখ্যা দেয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সৈয়দ আল মাশরুর জিসান।
সংগঠনটির ভাষ্য, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার যুক্তিতে নেওয়া সিদ্ধান্তটির সময় ও প্রেক্ষাপট প্রশাসনের দায়িত্বশীলতা, দূরদর্শিতা ও ন্যায়সংগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। বহু-ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো সংবেদনশীল বিষয়ে প্রশাসনের বিচক্ষণ ও নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত বলেও তারা উল্লেখ করে।
জাতীয় ছাত্রমঞ্চ বলেছে, এ সিদ্ধান্ত হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান উত্তেজনা বাড়াতে পারে এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির জন্য বিভাজন তৈরির সুযোগ সৃষ্টি করতে পারে। সংগঠনটি স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ পানীয় জল ও পরিচ্ছন্ন শৌচাগার নিশ্চিত করার দায়িত্বের কথাও তুলে ধরে। শিক্ষার্থীদের অধিকার, জনস্বাস্থ্য ও ধর্মীয় সম্প্রীতির সমন্বয়ে ন্যায়সংগত ও বাস্তবতাভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।