ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, চীনের সঙ্গে তাঁর আলোচনা সফল হয়েছে এবং আঞ্চলিক শান্তির জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চার দফা নীতিতে তিনি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, আজকের সিদ্ধান্তগুলো অঞ্চলের ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্য নির্ধারণ করবে এবং এর প্রভাব হবে অপরিমেয়।
আরাগচি শির চার দফা নীতিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। এই প্রস্তাবে প্রতিবেশী দেশগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে ভারসাম্য রাখার কথা বলা হয়েছে।
অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত থাকার সময় এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্য গুরুত্ব পেয়েছে। আরাগচি বলেন, ইরান চীনের সঙ্গে গড়ে তোলা কৌশলগত অংশীদারত্বকে মূল্য দেয় এবং বর্তমান পরিস্থিতিতে দুই দেশের যোগাযোগ ও সমন্বয় গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্যে বেইজিংয়ের আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাবিষয়ক উদ্যোগে তেহরানের সমর্থনও স্পষ্ট হয়েছে।