Web Analytics
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে বলে সরকার মনে করে। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের মধ্যে সহিংসতা ও নাশকতার অভিযোগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, কিছু মানুষের সহিংস আচরণ প্রকৃত পোশাকশ্রমিকদের আচরণ হতে পারে না। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা বলেছেন। তাঁর মতে, রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও আওয়ামী লীগ তাদের কাছে থাকা বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি শুধু ডিসেম্বরকেন্দ্রিক নয় এবং সরকার এসব চেষ্টা প্রতিহত করবে। ১৯৯১ সালের নির্বাচনের পর শেখ হাসিনার একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই মানসিকতার প্রতিফলন এখনো থাকতে পারে। তিনি জানান, ডিসেম্বর শেষ হওয়ার পর এ বিষয়ে আবার কথা বলবেন এবং শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর ব্যাখ্যা ভুল প্রমাণিত হলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।