আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে হোয়াইট হাউস ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষেই হারতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। জনসমর্থন অটুট থাকার প্রমাণ হিসেবে নির্বাচনী জয় নিশ্চিত করতে ট্রাম্প দেশজুড়ে প্রচার চালাচ্ছেন এবং বুধবার ওহাইওতে প্রচারে অংশ নেন। কঠিন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দলটির ওপর নিজের আধিপত্য যথেষ্ট বলে তিনি এখনো বিশ্বাস করেন।
রিপাবলিকান পার্টির অনেক প্রার্থী ট্রাম্পের নীতিমালা, আচরণ এবং তার প্রশাসনের বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোতে ট্রাম্পকে জনসভা ও প্রচার থেকে বিরত রাখতে তার সহযোগীদের পরামর্শ দিয়েছেন কয়েকজন রাজনৈতিক উপদেষ্টা ও দলের বিভিন্ন গোষ্ঠী। তাদের ধারণা, এতে প্রার্থীদের লড়াই আরও কঠিন হতে পারে।
নিউ ইয়র্ক টাইমস ১৬ জন বর্তমান ও সাবেক ট্রাম্প প্রশাসনকর্মীর সঙ্গে কথা বলেছে, যারা পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানান। তাদের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য ফলাফল, দলের অভ্যন্তরীণ মতবিরোধ এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় ট্রাম্প ও তার সহযোগীরা চাপে আছেন। তবে মুখপাত্র ড্যানিয়েল আলভারেজ বলেছেন, প্রেসিডেন্ট ও তার সহযোগীরা লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ।