কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সার সংকট নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শনিবার দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে কেউ সার মজুতের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই; তবে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে সার মজুতের চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে তিনি ফুলগাজী যান।
কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী। ফেনীতে সাড়ে ৭ হাজার কৃষক এই কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এর আগে মন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন সমাবেশের স্থানও পরিদর্শন করেন।