চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম তার পদত্যাগের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং ক্যাম্পাসের অচলাবস্থা নিরসনে সব পক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, তার ইসিজি ও রক্তচাপের ফল স্বাভাবিক এসেছে।
মঙ্গলবার প্রায় ৩০ ঘণ্টা ক্যাম্পাসে অবরুদ্ধ থাকার পর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন ভালো। উপাচার্য বলেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে হবে।
তিনি সতর্ক করেছেন, সমঝোতাভিত্তিক সমাধান না হলে ক্যাম্পাস অস্থিতিশীল থাকতে পারে। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই দাবিতে শিক্ষক সমিতিও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি অব্যাহত রেখেছে, ফলে চুয়েটের অচলাবস্থা কাটেনি।