গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিমান হামলায় একজন সার্জনসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। হামলায় হাসপাতালের সার্জারি বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। মিডল ইস্ট আইয়ের উপস্থাপক জেমস স্নাইডার পশ্চিমা সংবাদমাধ্যমে হামলাটির উপস্থাপনা বিশ্লেষণ করে বলেন, সংবাদ পরিবেশনের ধরন হামলার প্রকৃত চিত্র আড়াল করেছে।
স্নাইডার বিশেষভাবে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন তুলে ধরেন। তার মতে, ওই প্রতিবেদনের উপশিরোনামে হাসপাতাল কমপ্লেক্সে হামাসের কমান্ড সেন্টার থাকার বিষয়ে ইসরাইলের দাবিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে হামলার শিকার হাসপাতাল, বেসামরিক মানুষ এবং ক্ষয়ক্ষতির চেয়ে ইসরাইলের বক্তব্য পাঠকের কাছে বেশি প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করে চলার মধ্যেই এ হামলা হয়েছে এবং গাজার স্বাস্থ্যসেবা অবকাঠামোতে হামলাও অব্যাহত রয়েছে। জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ মূল্যায়নে বলা হয়েছে, গণহত্যা শুরুর পর গাজায় এক হাজার ৮০০টির বেশি চিকিৎসাকেন্দ্র আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে।