মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসী আটক হয়েছেন। স্থানীয় সময় রোববার ইমিগ্রেশন বিভাগ ও বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা অভিযানটি পরিচালনা করেন। এ সময় আড়াই হাজারের বেশি সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী। বাংলাদেশিদের বাইরে মিয়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ৯ জন, নেপালের ৮ জন, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে, ভারতের ৬ জন, চীনের ৩ জন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বৈধ পরিচয়পত্র না থাকা, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং অনুমতি ছাড়া কাজে যুক্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ বলেন, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে অনেক বিদেশি কুয়ালালামপুরে এলেও অনেকের বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি থাকে। আটক ৪৭২ জনকে তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য ডিটেনশন ডিপোতে নেওয়া হচ্ছে।