জার্মানির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা বাফিন ইরানের ব্যাংক সাদেরাতের হামবুর্গ শাখার লাইসেন্স বাতিল করেছে এবং এর কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সূত্র অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাফিন বলেছে, এর ফলে প্রতিষ্ঠানটি আর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
বাফিন জানায়, আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন এবং চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনে ব্যর্থ হওয়ায় গত বছরই ব্যাংক সাদেরাতের লাইসেন্স বাতিল করা হয়েছিল। গত মাসে হামবুর্গের একটি আদালত ব্যাংকটির কার্যক্রম গুটিয়ে ফেলার তদারকির জন্য একজন লিকুইডেটর নিয়োগ করেছে।
নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ব্যাংকটিতে ১৩ জন কর্মী ছিলেন। এর সম্পদের পরিমাণ ছিল ছয় কোটি ২৪ লাখ ইউরো, যা মার্কিন মুদ্রায় প্রায় ৭ কোটি ১৬ লাখ ১৬ হাজার ডলার। এর আগে সেপ্টেম্বর মাসে বাফিন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সেপাহর জার্মান শাখাকে দেউলিয়া ঘোষণা করেছিল।