জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ রোববার ফেসবুক পোস্টে সরকারের কঠোর সমালোচনা করেছেন। তাঁর ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি বাংলাদেশের বর্তমান অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তাহীনতার জন্য ৫ আগস্টের পর থেকে বিএনপির কথিত সংস্কারবিরোধী অবস্থানকে দায়ী করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কারের বদলে ব্যর্থ রাষ্ট্রব্যবস্থাই টিকিয়ে রাখতে চেয়েছেন।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, জুলাইয়ে রাজপথে নামা তরুণেরা শুধু ক্ষমতার হাতবদল দেখতে চাননি; পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমে আদর্শ নাগরিক রাষ্ট্র গড়াই ছিল তাদের আকাঙ্ক্ষা। তাঁর অভিযোগ, গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক ও স্বাধীন পুলিশ কমিশন গঠনের মতো সংস্কারে বিএনপি বাধা দিয়েছে।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও বিচারহীনতা বেড়েছে। তিনি তারেক রহমান ও বিএনপিকে প্রতিশ্রুত সময়ের সঙ্গে প্রতারণা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা ভঙ্গের অভিযোগ করেন। হাসনাত বলেন, ভঙ্গুর ব্যবস্থা ও সংস্কারবিমুখতা তারেক রহমানের জন্য পদে পদে বিপর্যয় ডেকে আনবে।