বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ ঘোষণা করেছেন, কোনো পুলিশ সদস্য মাদক বা জুয়ার সঙ্গে সম্পৃক্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে নগরীর রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল সদস্যকে চেইন অব কমান্ড মেনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কমিশনার আশ্বস্ত করেন যে ছুটি, বেতন, রেশন, ভ্রমণ বিল, মেস, ক্যান্টিন ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক বিষয়ে বিদ্যমান সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। তিনি প্রো-একটিভ পুলিশিং বাস্তবায়নের নির্দেশ দেন এবং সাইবার ও অনলাইন অপরাধ সম্পর্কে সতর্ক থাকতে বলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন।
সভায় বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।