ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১ হাজার বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রোববার সকালে বান্দরবান শহরের জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, যিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।
অনুষ্ঠানে থানজামা লুসাই বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি ইউসিবির মতো বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল হবে। অনুষ্ঠানে ইউসিবির জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান চৌধুরী এবং বান্দরবান শাখার প্রধান মুহা. হানিফ চৌধুরী উপস্থিত ছিলেন।
ইউসিবির কর্মকর্তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।