বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার দুপুর দেড়টার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন। কয়েক মিনিট স্পিকারের দপ্তরে অবস্থানের পর তিনি বেরিয়ে যান এবং সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মিষ্টি বলেন, স্পিকার তাঁকে ডেকেছিলেন এবং তিনি তাঁর সঙ্গে দেখা করেছেন। দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা তিনি মেনে নেবেন বলেও জানান। তবে তিনি পদত্যাগ করেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত চলে যান।
স্পিকারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, সে বিষয়ে মন্তব্য করেননি। স্পিকারের দপ্তর সূত্র জানিয়েছে, এ বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত আসতে পারে। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বুধবার রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন।