প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও নাগরিকবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশের সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করেছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান এবং আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট বা এটুআই কর্মসূচির সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে। সোমবার, ১৯ অক্টোবর আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগের ব্যবস্থায় সেবাগ্রহীতাদের আবেদন দাখিল, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ফি পরিশোধ ও সনদ সংগ্রহের জন্য ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে সশরীরে যেতে হতো। সব কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ায় একটি সেবা নিতে বারবার যাতায়াত করতে হতো। এতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতেন সেবাগ্রহীতারা।
সফল পাইলটিং শেষে অবশিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়। মার্চে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে তিনটি কর্মশালায় ৬৩ ধরনের সেবা বিশ্লেষণ করে ১৯টি মৌলিক সেবা চিহ্নিত করা হয়। বিভিন্ন বোর্ডের জন্য ১৮৫টি অনলাইন আবেদন ফরম তৈরি করা হয়েছে। ২০২৬ সালের জুন ও জুলাইয়ে সাতটি অঞ্চলভিত্তিক কর্মশালায় ফরম, সেবা ফি, কার্যপ্রবাহ ও টেমপ্লেট যাচাই করে চূড়ান্ত করা হয়।