নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান বলেছেন, তিনি চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত। শুক্রবার রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি নিজের শারীরিক অবস্থার কথা জানান। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে শামীম ওসমান বলেন, তিনি অসুস্থ এবং তার ক্যানসার হয়েছে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, কতদিন বাঁচবেন তা তিনি জানেন না। একই সঙ্গে তিনি আল্লাহর ওপর বিশ্বাসের কথা বলেন এবং আশা প্রকাশ করেন যে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়েও ভিডিওতে কথা বলেন শামীম ওসমান। তাঁর ভাষ্য, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের দায় রয়েছে এবং বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে; এ অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।