বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, খুব অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টি ও পাটখাতে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং একসময় সোনালী আঁশ হিসেবে বিশ্বে দেশের পরিচিতি গড়ে তুলেছিল।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পাটখাত পুনরুজ্জীবিত করতে কাজ করছে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এখন আবারও প্লাস্টিকবিরোধী জনমত গড়ে তুলে মানুষকে পাটজাত পণ্য ব্যবহারে উৎসাহিত করা হবে। ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় ক্ষেত্রে চট ও পাটের ব্যবহার নিশ্চিতের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের সময়কাল অল্প হলেও দৃশ্যমান অগ্রগতি আনতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাট ও পাটবীজ উৎপাদন বৃদ্ধি, বন্ধ পাটকল পুনরায় চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি।