দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বগুড়া আবারও মন্ত্রীত্বের স্বাদ পেতে যাচ্ছে। বগুড়া-০২ (শিবগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম নবগঠিত সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজ বিকেলে শপথ নেবেন বলে জানা গেছে। এর আগে সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও ছিলেন। স্থানীয় সূত্র জানিয়েছে, তাঁর এই নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের মন্ত্রীত্বহীনতার আক্ষেপ ঘুচছে বগুড়াবাসীর।
১৯৯১ সালের নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এরপর থেকে বগুড়ার কেউ মন্ত্রিত্ব পাননি, যা স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের আক্ষেপের কারণ ছিল বলে জানিয়েছেন বিএনপি নেতারা।