বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও রাষ্ট্রসংস্কারের পথে অগ্রসর হতে চায়। নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতি এবং জামায়াতে ইসলামীকে ঘিরে বিতর্ক বিএনপিকে এমন এক অবস্থানে এনেছে, যেখানে তাদের কৌশল ও জনআস্থার ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
প্রবন্ধে বলা হয়েছে, দীর্ঘ অস্থিরতার পর বিএনপির প্রধান চ্যালেঞ্জ হলো আস্থার রাজনীতি প্রতিষ্ঠা করা। দলের ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে প্রতিশ্রুতি রয়েছে, তা কোনো রাজনৈতিক আপসের মাধ্যমে দুর্বল করা যাবে না। আদর্শিক দৃঢ়তা বজায় রাখাই হবে নেতৃত্বের সাফল্যের মূল শর্ত।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের বাস্তব রাজনীতিতে স্থায়ী জোটের চেয়ে ইস্যুভিত্তিক সহযোগিতা হতে পারে কার্যকর কৌশল। আধুনিক যোগাযোগমাধ্যমে স্বচ্ছ ব্যাখ্যা ও তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের ওপর গুরুত্ব দেওয়া জরুরি। শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জনই হবে রাজনৈতিক সাফল্যের প্রকৃত মাপকাঠি।