বাংলাদেশে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি আগস্টের প্রথম ২৩ দিনে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১৯ জন।
নতুন ভর্তি রোগীর মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ১৫৯ জন ছিলেন। ঢাকা বিভাগে, সিটি করপোরেশনের বাইরে, ১৩৫ জন এবং বরিশালে ১১৭ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, রংপুরে ২৩ জন ও সিলেটে তিনজন ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৯৬ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে এবং মোট মৃত্যু হয়েছে ৮২ জনের। মাসভিত্তিক হিসাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ১ শতাংশ নারী।