নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সামুদ্রিক খাতের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল সক্ষমতা ও সেবার মান বাড়াতে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ ও বিশেষজ্ঞ সহায়তা নিচ্ছে। বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি প্রাঙ্গণে বিশ্ব নৌ দিবস ও একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা থাকলেও তা পুরোপুরি কাজে লাগানো যায়নি। দেশে মেরিন একাডেমি, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ শিপিং করপোরেশন, বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ প্রয়োজনীয় প্রতিষ্ঠান রয়েছে। তবে সমন্বিত উদ্যোগ, বৃহত্তর জাতীয় স্বার্থের বিবেচনা এবং দৃঢ় অঙ্গীকারের ঘাটতি আছে বলে তিনি উল্লেখ করেন।
শেখ রবিউল আলম বলেন, খাতটির বাধা চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে বন্দর ও কনটেইনার ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হবে। সরকার মেরিটাইম ক্যাডেটদের এক বছরের সমুদ্র প্রশিক্ষণ নিশ্চিত এবং বিদেশে কর্মরত বাংলাদেশি নাবিকদের ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধানেও কাজ করছে। নৌপরিবহন সচিব জাকারিয়া বলেন, সামুদ্রিক পেশাজীবী সরবরাহে প্রায় ৫০তম অবস্থান থেকে শীর্ষ ১০-এ যেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।