নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকালে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই ছিল কমিশনের একমাত্র অঙ্গীকার এবং সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি এক নতুন ভোর। দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। নির্বাচনকে তিনি শুধু সাংবিধানিক দায়িত্ব নয়, বরং একটি ‘পবিত্র আমানত’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, জাতীয় মর্যাদা, আন্তর্জাতিক ভাবমূর্তি ও অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে এই নির্বাচন গভীরভাবে যুক্ত ছিল এবং অতীতের তুলনায় শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
তিনি প্রশাসনিক ঘাটতি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও উন্নত ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। বিস্তারিত পরিসংখ্যান পরবর্তীতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব গণমাধ্যমকে সরবরাহ করবেন।