বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২০ মে ২০২৬) এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। সর্বশেষ তথ্যানুযায়ী, গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলারে।
এর আগের দিন ১৯ মে গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩২৪ দশমিক ১২ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ হাজার ৬৬৫ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়।
রিজার্ভ বৃদ্ধির এই সামান্য অগ্রগতি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অবস্থানে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা গেছে।