ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনার জন্য বিধিমালা প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, এই বিধিমালা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তৈরি করা হবে। তেহরানে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মটজফেল্ড ক্রাভিকের সঙ্গে বৈঠকে আরাগচি এ তথ্য জানান।
এর আগে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে তেহরান এই কৌশলগত জলপথের জন্য একটি নতুন আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আরাগচি যুক্তরাষ্ট্রের চরমপন্থি মনোভাব, হুমকি ও উসকানিমূলক বক্তব্য এবং সদিচ্ছার অভাবকে সম্ভাব্য চুক্তির পথে বাধা হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখা। আরাগচি জোর দিয়ে বলেন, ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী এই জলপথের জন্য বিধিমালা তৈরি করছে।