অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠিত হলে তদন্ত কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, সরকারের ভেতরেও কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
উপদেষ্টা বলেন, দুর্নীতির লাগাম টানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অটোরিকশার ব্যাটারি চার্জে অতিরিক্ত বিদ্যুৎ খরচ ও সড়ক নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, এসব যানবাহনকে অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে। অনেক চালক প্রশিক্ষিত নন এবং অনেক যানবাহন প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ হওয়ায় ঝুঁকি বাড়ছে।
ব্যাংক খাত প্রসঙ্গে তিনি জানান, আগের সরকারের সময়ে খাতটি দুর্বল হয়ে পড়েছিল, তবে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, হঠাৎ বড় পরিবর্তন আস্থার সংকট তৈরি করতে পারে, তাই সংস্কার ধীরে ও পরিকল্পিতভাবে করা হচ্ছে।