যুক্তরাষ্ট্র আগামী দুই মাসের মধ্যে সিরিয়া থেকে অবশিষ্ট সব সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে সিবিএস নিউজকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। বর্তমানে দেশটিতে প্রায় এক হাজার মার্কিন সেনা অবস্থান করছে, যাদের ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে। এর ফলে প্রায় এক দশক ধরে চলমান মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। এর আগে চলতি বছরের শুরুতে দক্ষিণ সিরিয়ার আল তানফ গ্যারিসন ও উত্তর-পূর্বের আল শাদ্দাদি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়।
আইএসের উত্থানের সময় প্রায় এক যুগ আগে যুক্তরাষ্ট্র সিরিয়ায় কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল এবং ২০১৪ সালে প্রায় দুই হাজার সেনা পাঠিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আইএস এখনো বৈশ্বিক হুমকি হলেও সিরিয়ায় এর শক্তি অনেক কমে গেছে এবং দেশটিতে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে কিছু সেনা ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘাঁটি সিরীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে আইএসের যেকোনো হুমকির জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।