নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী নতুন অভিযানে পুলিশ ৪৬ জনকে আটক করেছে। জেলার বিভিন্ন থানার এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তি আটক হন। রোববার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদালতে পাঠানো হয়েছে। বাকি ৪০ জনকে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলেছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলছে।
সুধারাম, কোম্পানীগঞ্জ, কবিরহাট, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চরজব্বর ও চাটখিল থানা এলাকায় আটক ৩৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। হাতিয়ায় আটক নয়জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল, একজনকে আদালতে পাঠানো এবং তিনজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।