তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে আয়োজিত ওই অনুষ্ঠান নিয়ে হেস্টিংস থানায় মামলা করা হয়। এফআইআরে মমতার পাশাপাশি অনুষ্ঠানের উদ্যোক্তাদেরও অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে আদালতের নির্দেশ অবমাননা, পুলিশের কাজে বাধা এবং আদালত নির্ধারিত সময়ের পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়া। হাইকোর্টের নির্দেশ ছিল, অনুষ্ঠান চলাকালে রাস্তার উত্তরমুখী লেন খোলা রাখতে হবে। তবে বাস্তবে রাস্তার উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
অনুষ্ঠানকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগও রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী বিকেল ৩টা পর্যন্ত সভা করার অনুমতি ছিল, কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও কর্মসূচি শেষ হয়নি বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেয়। মমতা ও উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর করা হয়েছে।