লক্ষ্মীপুরের রায়পুরে এক বিএনপি নেতা সাবেক যুবদল নেতা ও তার সহযোগিদের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন। বুধবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন। এ সময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।
শাহজাহান কবিরাজের অভিযোগ, সাবেক যুবদল নেতা জাকির হোসেন, তার ভাই তোফাজ্জলসহ কয়েকজন তাদের কাছ থেকে চাঁদা দাবি করেছেন এবং জমি বেচাকেনার সঙ্গে জড়িতদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করেন। তিনি বলেন, চাঁদা না দিলে জমি দখলে বাধা দেওয়া হয়। জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, উভয় পক্ষই একই এলাকায় জমি কিনেছেন এবং বিষয়টি জমি সংক্রান্ত বিরোধ, চাঁদা নয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীও একই বক্তব্য দেন।
হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক জানান, জাকির শাহজাহানের বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি মামলা করেছেন, তবে চাঁদা দাবির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।