স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভালো কাজে পুলিশ সদস্যদের স্বীকৃতি দিলে তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং পুলিশ বাহিনী আরও গতিশীল হবে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটা পরিশ্রম করছে তা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, স্বীকৃতি দিলে পুলিশ সদস্যরা আরও উৎসাহিত হয়ে ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বাহিনীকে আরও উৎসাহিত করতে চায়।
তিনি জানান, সাম্প্রতিক তিনটি ঘটনায় দায়িত্ব পালন করা ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রামিসা হত্যাকাণ্ড, দৌলদিয়ার নৌ পুলিশের ভূমিকা এবং মুন্সিগঞ্জের গ্যাংরেইপ মামলায় চার আসামি গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট সদস্যরা রয়েছেন। প্রত্যেকে ২০ হাজার টাকা, সম্মাননা সনদ এবং কয়েকজন ব্যাজ পেয়েছেন।