রোববার, ১৭ মে ২০২৬ ভোর থেকে ঢাকায় আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং কিছুক্ষণ পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল পৌনে আটটার দিকে টানা ভারী বৃষ্টিতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ফলে কর্মজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এবং এর একটি অংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত। সংস্থাটি জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবণতা আগামী বৃহস্পতিবার, ২১ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের ধারা পরবর্তী পাঁচ দিনও বজায় থাকতে পারে।