চীনে সফররত বিএনপি প্রতিনিধি দলের সদস্য ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান সম্প্রতি দেশটির তৃণমূল উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে অভিজ্ঞতা শেয়ার করেছেন। আনহুই প্রদেশের ফ্যাংসিং কমিউনিটিসহ বিভিন্ন এলাকা ঘুরে তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) জনগণের সেবায় প্রায় ৭ লাখ নেবারহুড সার্ভিস সেন্টার গড়ে তুলেছে, যা জনগণের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
নোমান বলেন, এসব কেন্দ্র শিক্ষা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক মেলামেশার স্থান হিসেবে কাজ করছে। এখান থেকে মানুষ কর্মসংস্থানের সুযোগ ও প্রশাসনিক সেবা পাচ্ছে। তার মতে, জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই চীনের সাফল্যের মূল চাবিকাঠি।
কমিউনিটি পরিদর্শনের পর বিএনপি প্রতিনিধি দলটি আনহুই প্রদেশের ভাইস গভর্নর ও সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেয় এবং বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও ভবিষ্যতে রাজনৈতিক সৌহার্দ্য জোরদারের বিষয়ে আলোচনা হয়।