মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে পাকিস্তান তার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব আসিম ইফতিখার আহমেদ। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আঞ্চলিক পরিস্থিতির অবনতির মধ্যে ইসলামাবাদ আলোচনা এবং আন্তর্জাতিক ও জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজছে।
তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর করা, উত্তেজনা কমানো এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্যে পাকিস্তান কাজ করছে। ইফতিখার জোর দেন যে লড়াই বন্ধ করা ও উত্তেজনা প্রশমন এখন তাৎক্ষণিক অগ্রাধিকার। তাঁর ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের আইনের আওতায় শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক সমাধান খুঁজে বের করাই পাকিস্তানের লক্ষ্য।
পররাষ্ট্রসচিব বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সনদে যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিধান রয়েছে। তিনি স্বীকার করেন যে পরিস্থিতি নেতিবাচক দিকে যাচ্ছে, তবে সংঘাতের আরও বিস্তার ঠেকাতে যথাযথ ভূমিকা রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে পাকিস্তান সচেতন। তিনি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময়ও পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টায় সামনের সারির দেশগুলোর মধ্যে ছিল বলে উল্লেখ করেন।