নোয়াখালীর সেনবাগে ‘সুন্দরপুর-৪’ নামে একটি মূল্যায়ন কাম উন্নয়ন গ্যাসকূপের আনুষ্ঠানিক খননকাজ শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা বাপেক্স। বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ড্রিলিং) ও ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, মঙ্গলবার দুপুর থেকে খনন শুরু হয়। কূপটি সেনবাগের নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কূপটি একই ভূগর্ভস্থ গ্যাসফিল্ডের অংশ হওয়ায় এর নাম ‘সুন্দরপুর-৪’ রাখা হয়েছে। এর আগে কোম্পানীগঞ্জের সিরাজপুর এলাকায় সুন্দরপুর গ্যাসফিল্ডের ১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল। নতুন কূপটি সুন্দরপুর-২ কূপ থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হলেও একই রিজার্ভের অন্তর্ভুক্ত।
কূপটির লক্ষ্যমাত্রিক গভীরতা প্রায় এক হাজার ৬০০ মিটার এবং প্রায় এক হাজার ৩৬১ মিটার গভীরে সম্ভাব্য গ্যাস স্তর থাকার ধারণা রয়েছে। দুই মাসের মধ্যে খনন শেষ করে পরে ১৫ থেকে ২০ দিন ড্রিল স্টেম টেস্ট করার লক্ষ্য রয়েছে। আশপাশের কূপের তথ্য বিশ্লেষণে বাপেক্স প্রতিদিন পাঁচ থেকে সাত মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখছে।