রাশিয়ার কামচাটকা উপদ্বীপ অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র, ইএমএসসি। স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে কম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে এবং কেন্দ্র ছিল রাশিয়ার দূরপ্রাচ্যের ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই কম্পনের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ভূকম্পনপ্রবণ বলয় রিং অব ফায়ারের মধ্যে কামচাটকা উপদ্বীপের অবস্থান। এ কারণে অঞ্চলটিতে প্রায়ই ভূমিকম্প হয়। গত বছরের জুলাইয়ে কামচাটকার উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ একটি উপকূলীয় গ্রামের অংশবিশেষ ভাসিয়ে নিয়ে গিয়েছিল।