গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শিক্ষক সমিতি প্রো-ভাইস চ্যান্সেলর পদে বহিরাগত কাউকে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে শিক্ষকরা এই দাবি তোলেন। তারা বলেন, বহিরাগত নিয়োগের গুঞ্জন শিক্ষক সমাজে গভীর উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে এবং এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না।
মানববন্ধনে বক্তারা জানান, বিশ্ববিদ্যালয়ে বহু সৎ, যোগ্য ও অভিজ্ঞ অধ্যাপক রয়েছেন যারা প্রশাসনিক নেতৃত্ব দিতে সক্ষম। তাদের মতে, বহিরাগত কাউকে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বিশ্ববিদ্যালয় পরিবারে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি হতে পারে যা উচ্চশিক্ষার জন্য অনাকাঙ্ক্ষিত।
শিক্ষক সমিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও স্থিতিশীলতা রক্ষায় অভ্যন্তরীণ যোগ্য অধ্যাপকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগ দিতে হবে।