সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তান প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে বলে জানিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। রোববার ইন্ডিপেনডেন্ট অ্যারাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে কোনো আপসের সুযোগ নেই এবং ইসলামাবাদ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তার বিষয়ে তিনি সহায়তার ধরন ও পরিমাণ প্রকাশ করেননি। তার ভাষ্য, এ ধরনের তথ্য প্রকাশ করা কোনো জোটের রীতি নয়। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা জোটকে তিনি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এর কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই।
চৌধুরী বলেন, জোটভুক্ত কোনো দেশের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে সম্মিলিতভাবে জবাব দেওয়া হবে। উত্তেজনা কমানো ও সংযম বজায় রাখতে পাকিস্তান ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। জোটটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাই এর লক্ষ্য। মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাত বাড়িয়ে কোনো দেশের লাভ নেই।