চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই বৈঠকে যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৮টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কার্গো আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুটি করে এলএনজি কার্গো আমদানি করা হবে।
উভয় পক্ষের সম্মতি থাকলে নির্ধারিত ১৮ কার্গোর বাইরে আরও এলএনজি আমদানি করা হতে পারে। জাতীয় নিরাপত্তার প্রয়োজনে বিদ্যমান ইমিগ্রেশন ব্যবস্থার সঙ্গে এপিআইএস, পিএনআর, ই-ভিসা, ই-টা এবং সভরেন ডাটা এনালিটিকস প্ল্যাটফরম যুক্ত করার প্রস্তাবও নীতিগত অনুমোদন পেয়েছে। এ জন্য ভিন্ন ক্রয় প্রণালীতে সরাসরি চুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।