রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই মামলায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেওয়া হয়েছে। রায়ের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রকৃত আসামির সাজা বহাল থাকায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। আদালত বলেছে, সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। স্বপ্না আক্তারের খালাসের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে সিদ্ধান্ত রামিসার পরিবার নেবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।
সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষ হওয়ার পর আদালত মঙ্গলবার রায়ের দিন ধার্য করে। সংশ্লিষ্ট আইনজীবীরা এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে দ্রুত রায়ের দিন নির্ধারণকে দ্রুত বিচার প্রক্রিয়ায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মামলার বিবরণে বলা হয়, ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার হয় এবং সেদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।