রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ রোববার হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানিটি নির্ধারিত। প্রসিকিউশন ২৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
এর আগে ৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ছুটিতে থাকায় তা পিছিয়ে যায়। অভিযোগ আমলে নেওয়ার পর ট্রাইব্যুনাল পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও তারা হাজির হননি। পরে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, তৎকালীন সরকার সমাবেশকারীদের শাপলা চত্বর থেকে সরাতে পরিকল্পিত অভিযান চালায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেনেড, টিয়ার গ্যাস, শর্টগান ও মারণাস্ত্র ব্যবহার করে। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, রাতের অভিযান ও দিনব্যাপী হামলায় মতিঝিল ও আশপাশে হেফাজতের ৩২ নেতা-কর্মী নিহত ও নিখোঁজ হওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ারও অভিযোগ রয়েছে।