কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ৬৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ায় অভিযান চালিয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ন তিন মানবপাচারকারীকে আটক করে। অভিযানের সময় আরও কয়েকজন পাচারকারী পালিয়ে যায়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, উদ্ধার হওয়া সবাই মিয়ানমারের নাগরিক এবং উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অভিযানে পাচারকারীদের আস্তানা থেকে পাঁচজন পুরুষ, ২০ জন নারী ও ৩৩ জন শিশুকে উদ্ধার করা হয়। এছাড়া একটি অটোরিকশা ও দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। পরে বিকেলে নাজির পাড়া এলাকায় পৃথক অভিযানে আরও ১১ রোহিঙ্গাকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, যাদের ক্যাম্প আইডি কার্ড রয়েছে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে এবং যাদের কার্ড নেই তাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।