বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তিনিও ভালো ফুটবল খেলতে পারেন; বল সামনে এলে তিনি কিক, গোল কিংবা পাস দিতে পারেন কি না তা দেখা যাবে। সোমবার ঢাকা-১৫ আসনে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন শফিকুর রহমান। তিনি বলেন, বস্তুগত শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেওয়ার দাবি তারা সংসদে জানিয়ে আসছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সমাজে এখন এ ধরনের ব্যবস্থা নেই এবং তাদের সময়ে যা ছিল, সেটিও আর নেই। এসব বিষয় ফিরিয়ে আনার কথাও তিনি বলেন।
সরকারের দেওয়া খেলার সামগ্রীর ফলোআপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভালো করা ক্লাবগুলোর পাশে তারা সাধ্যমতো থাকবেন, সরকার সহায়তা দিক বা না দিক। খেলাধুলায় ভালো করা এবং সমাজ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা ব্যক্তি ও সংগঠনকে বিশেষভাবে পুরস্কৃত করার কথাও তিনি জানান। প্রতিবছর খেলোয়াড় ও ক্লাব সদস্যদের নিয়ে মিলনমেলা আয়োজনের পরিকল্পনার কথাও বলেন তিনি।