বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালের ক্রসফায়ারে দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহসহ চারজনের বিরুদ্ধে তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এসআই খলিলুর রহমান। নিহতরা হলেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিনি এই জবানবন্দি দেন।
জবানবন্দিতে এসআই খলিল জানান, তিনি ২০১৩ থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত বরিশাল গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন পুলিশ সুপার তাকে এমপি আবুল হাসনাত আব্দুল্লাহর নির্দেশে দুই আসামিকে যেকোনো মূল্যে গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি জানান, ২০ ফেব্রুয়ারি রাতে আশুলিয়া ও কেরানীগঞ্জ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং পরে জানতে পারেন তারা ক্রসফায়ারে নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে জানতে পারেন এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন এমপি আবুল হাসনাত আব্দুল্লাহ, যিনি বর্তমানে মামলার অন্যতম অভিযুক্ত।