খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের ২৭ শিক্ষার্থী একযোগে একটি বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত থাকায় তারা ফেল করেছে। ৮ এপ্রিল অনুষ্ঠিত ‘ফিশ হেলথ ম্যানেজমেন্ট’ পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে ৩০ এপ্রিল প্রকাশিত ফলাফলে তাদের ফেল দেখানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটিকে নজিরবিহীন এবং শৃঙ্খলা বিধির লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তবে জানা গেছে, তারা নিয়মিত শিক্ষার্থী হিসেবেই স্পেশাল সেমিস্টার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে যাচ্ছে, যা অন্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
সূত্র জানায়, পরীক্ষার আগের দিন ছাত্রী তাহসিনা আনোয়ার শর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সহপাঠীরা পরীক্ষা পেছানোর দাবি জানায়। কর্তৃপক্ষ তা না মানায় শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়ে এবং একদল পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে শর্মী ও তারেক নামে দুই শিক্ষার্থী উপাচার্যের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়ে পুনরায় পরীক্ষার সুযোগ চান।
একজন শিক্ষক জানান, শিক্ষার্থীরা নতুন রেজিস্ট্রেশন করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারবে এবং এতে ফলাফলে প্রভাব পড়বে না।