যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) নিয়ে থাকা অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন সিএনএনের এক সাক্ষাৎকারে বলেন, টিপিএস সুবিধাভোগীদের হয় বৈধ প্রক্রিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিতে হবে, নয়তো নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তার এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক রায়ের পর, যা প্রশাসনকে হাইতি ও সিরিয়ার নাগরিকদের টিপিএস সুবিধা প্রত্যাহারের সুযোগ দিয়েছে।
মুলিন জানান, টিপিএস কোনো স্থায়ী অভিবাসন কর্মসূচি নয় এবং যারা স্বেচ্ছায় ফিরে যেতে চান, তাদের বিমান ভাড়া ও প্রায় ২,১০০ ডলার আর্থিক সহায়তা দেওয়া হবে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা বড় সংকটে ক্ষতিগ্রস্ত বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে থাকার সুযোগ দেয় এই কর্মসূচি, যা অতীতে একাধিকবার বাড়ানো হলেও বর্তমান প্রশাসন তা বাতিলের উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনও হাইতি ও সিরিয়ায় সহিংসতা, সন্ত্রাসবাদ ও অপরাধের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের সেখানে ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে।