বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যাঁদের ছাত্রজীবন ১০ বা ১৫ বছর আগে শেষ হয়েছে, তাঁদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হওয়া উচিত নয়। বুধবার কুমিল্লা শহরের ঢুলিপাড়া চৌমুহনী এলাকার ফান টাউন পার্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদ্দামের মতে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যার সঙ্গে যুক্ত আছেন—এমন শিক্ষার্থীদের মধ্য থেকেই নেতৃত্ব তৈরি হওয়া দরকার। তিনি বলেন, আবাসন, পরিবহন, একাডেমিক ও ক্যারিয়ারসংক্রান্ত সমস্যাগুলো বোঝার জন্য শিক্ষার্থীদের সঙ্গে থাকা জরুরি। ছাত্রসংগঠনের নেতৃত্ব কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাইরে থেকে কাউকে এনে বিশ্ববিদ্যালয়ের সভাপতি করা হলে তিনি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কীভাবে করবেন, সে প্রশ্ন থাকে। শক্তি প্রদর্শনের বদলে শিক্ষার্থীদের জন্য কাজ, একাডেমিক সহায়তা ও ক্যারিয়ার উন্নয়নে ভূমিকার মাধ্যমে সংগঠনের গ্রহণযোগ্যতা তৈরি হওয়া উচিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন মোজাম্মেল হোসেন আবির।