নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তিন সন্তানের এক জননীকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আজব আলী নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বানিয়াজোড়া গ্রামের সাজেদ মিয়া ৬ জুলাই নেত্রকোনার আদালতে অভিযোগটি দায়ের করেন। বিষয়টি ২৭ জুলাই নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির। আজব আলী বড়কাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং মধুপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, প্রায় ১৩ বছর আগে সাজেদ মিয়ার সঙ্গে রাবিয়া আক্তারের বিয়ে হয় এবং তাঁদের দুই মেয়ে ও এক ছেলেসহ তিন সন্তান রয়েছে। রাবিয়া বাবার বাড়ি মধুপুরে বেড়াতে গেলে প্রতিবেশী আজব আলী তাঁকে দীর্ঘদিন কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ। ৪ জুলাই দিবাগত রাতে পাটশলার বেড়া কেটে ঘরে ঢুকে তাঁকে তুলে নেওয়া হয় এবং বাধা দেওয়ায় তাঁর বাবা বকুল মিয়াকে ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ আছে।
আদালত মোহনগঞ্জ থানার ওসিকে মামলা রেকর্ড, আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আজব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, রাবিয়া স্বেচ্ছায় তাঁর সঙ্গে গেছেন এবং তাঁরা বিয়ে করেছেন; রাবিয়াও একই দাবি করেছেন। ইউনিয়ন বিএনপির এক নেতা জানান, ৫০ থেকে ৬০ বাসিন্দা আজব আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার আবেদন করেছেন। পুলিশ বলেছে, আদালতের নির্দেশনা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।