মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্য। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদি করা হয়েছে। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
শিশির মনির বলেন, ২০০১ সালেও একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। সে সময় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনসংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন বলে তিনি জানান।
গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ক্ষমতাসীন দলের ৩০ জন সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দেশের ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এতে বলা হয়, দায়িত্বপ্রাপ্তরা স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে সরকারের সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন। প্রজ্ঞাপনে টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করা হয়।