সিনিয়র আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ভোলার বিদ্যুৎ সংকট নিরসনে অবিলম্বে ৪০০ কোটি টাকার পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্প চালুর দাবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তিনি বিশেষ করে দুর্গম চরফ্যাশন ও মনপুরা উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।
নোটিশে বিবাদী করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে। এতে উল্লেখ করা হয়েছে, ভোলা দেশের অন্যতম প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনকারী অঞ্চল হলেও বর্তমানে চরম বিদ্যুৎ বিপর্যয়ের মুখে রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনস্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব বা কার্যকর পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে।