স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পৌরসভা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বর্তমানে এডিসি ও ইউএনওরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচন দেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের এপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ৮ কোটি টাকায় নির্মিত ব্রিজটি এপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য নয়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন এবং জনগণের চলাচলের উপযোগী করতে ব্যবস্থা নিতে বলেন। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।