অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির স্বেচ্ছা পদত্যাগ তাঁকে পরবর্তী সংসদ নির্বাচনে প্রার্থী হতে বাধাগ্রস্ত করবে না। বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দল মনোনয়ন দিলে বা না দিলেও, মিষ্টি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে পারবেন। পদত্যাগের প্রভাব কেবল বর্তমান সংসদের মেয়াদকাল পর্যন্ত কার্যকর থাকবে।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সদস্য মিষ্টির পদ পদত্যাগের কারণে শূন্য হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, দল মনোনীত বা দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত কোনো ব্যক্তির সদস্য পদ না থাকার দুটি কারণ রয়েছে—স্বেচ্ছায় পদত্যাগ করা অথবা সংসদে সংশ্লিষ্ট দলের বিপক্ষে ভোট দেওয়া। মিষ্টির ক্ষেত্রে পদত্যাগের বিষয়টিই প্রযোজ্য হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, মিষ্টি তাঁর পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন। স্পিকার তা নির্বাচন কমিশনে পাঠাবেন, এরপর কমিশন পদটি শূন্য ঘোষণা করে পূরণের জন্য তফসিল দেবে। গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, দল থেকে বহিষ্কার করলেই সংসদ সদস্য পদ শূন্য হয় না; কারণ তিনি পদত্যাগ করেননি।